নিউজ ডেস্ক :: স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে সুমি আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার স্বামী আলী আকবর হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলী আকবর উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমি আক্তারের সঙ্গে আলী আকবরের বিয়ে হয়। আলী আকবর মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সুমি তার ছোট ভাই মো. সজিব মোল্লাকে ফোন করে জানান, যৌতুকের টাকার জন্য আলী আকবরসহ অন্যান্য আসামিরা তাকে মারপিট করেছে। পরদিন ১৪ সেপ্টেম্বর দুপুরে নিহতের মা রুনা বেগম ও বড় বোন নাজমা বেগম আসামির বাড়িতে গিয়ে সুমির নিথর দেহ পড়ে থাকতে দেখে। এ সময় মরদেহের থুতনির নিচে ক্ষত এবং গলার ডান পাশে কালো দাগ দেখতে পান স্বজনরা।