নিউজ ডেস্ক :: বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে। যে কারণে বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাস্ত করা হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।’
সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।’
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।