নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করতে সাইবার আইন সংশোধন হচ্ছে: বিএম কলেজে প্রতিমন্ত্রী নুর
সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বরিশাল সরকারি বিএম কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করতেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনকে আরও কার্যকর করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
নুরুল হক নুর বলেন, সরকারের অন্যতম লক্ষ্য আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিদেশের শ্রমবাজারে নতুন সুযোগ খোঁজার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।
বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী শিক্ষার্থীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদেশ গমনের জন্য সরকারের পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়ার ব্যবস্থা রয়েছে।
দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতির বিষয়টিও স্বীকার করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন।
“বর্তমানে প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ দেশের বাইরে যাচ্ছেন। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে,” বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
এর আগে বরিশাল সরকারি বিএম কলেজে পৌঁছে প্রতিমন্ত্রী কলেজটির বিভিন্ন স্থাপনা ও আবাসিক হল পরিদর্শন করেন। পরে তিনি বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত নবীন-বরণ অনুষ্ঠানে যোগ দেন।