ববি প্রতিনিধি :: ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ভূমিকা সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডিসন বৈদ্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির আয়োজনে ‘পলাশকুড়ির অভিষেক ৩.০’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন ইসরিতা জান্নাত ও ক্লিনটন চাকমা। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান। অর্থ সম্পাদক হয়েছেন তুফান মন্ডল। দপ্তর সম্পাদক সৌভিক জয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সুদীপ মন্ডল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, শ্রেয়শী রায় শ্রেয়া ও রিংকু রুদ্র পাল। এ ছাড়া কো-অপ্ট সদস্য হিসেবে রয়েছেন আরও দুজন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য বলেন, শিক্ষা, গণতন্ত্র ও প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করছি। এই দায়িত্ব আমাদের কাছে কোনো পদ-পদবির বিষয় নয়। বরং এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও ন্যায়সংগত দাবির প্রতি আরও বেশি দায়বদ্ধ হওয়ার অঙ্গীকার। আমরা এমন একটি বিশ্ববিশ্ববিদ্যালয় চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা কোনো পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। প্রত্যেক শিক্ষার্থী স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে। সম্মানের সঙ্গে শিক্ষাজীবন শেষ করতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশকে আরও গণতান্ত্রিক ও মানবিক করা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের শক্তিই পারে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে আমরা আমাদের লড়াই জারি রাখতে চাই।