নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল নগরজুড়ে এক বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সরাসরি নির্দেশনায় এই অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো: মকসুমুল হাকিম রেজা।
অভিযান চলাকালে নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ, নালা-নর্দমা (ড্রেন) ও ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো: জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপস্থিত কর্মকর্তারা জানান, কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই একটি পরিচ্ছন্ন ও মশামুক্ত নগরী গড়তে এবং ডেঙ্গুর বিস্তার রোধে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখাসহ সাধারণ নগরবাসীকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।