নিউজ ডেস্ক :: বিএনপি অফিসে হামলা, আ.লীগ নেতার বাড়িতে আগুন
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ থেকে ৬ জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেনমঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে ভাঙচুর করে। হামলায় বিএনপির অন্তত ৫ থেকে ৬ জন সমর্থক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে লোকজন সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।
বিএনপি নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করায় তাদের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি নাশকতার মামলা করা হয়। ওই মামলায় রুহুলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় জামিন পাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ তাদের।
এদিকে বিএনপি কার্যালয়ে হামলার পর দলটির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে