বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াতে আমির

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 19, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াতে আমির

‘জনগণের রায় বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য হতে হবে’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। কিন্তু সরকার জনগণের সেই রায়কে অগ্রাহ্য করে তাদের অপমান করেছে। জনগণের রায়ের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন—৭০ ভাগ মানুষ। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে। এই বিএনপিকেই তা করতে বাধ্য হতে হবে।’

তিনি আরও বলেন, ‘পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে। সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে নেমেছি জনগণের জন্য। জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।’

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়েছে। জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে এই কর্মসূচি।

তিনি বলেন, ‘রাস্তা-ঘাট, হাট-বাজার ও টেম্পুস্ট্যান্ডসহ সর্বত্র চাঁদাবাজি বন্ধ করতে হবে। দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতেও আমাদের এই লংমার্চ। আধিপত্যবাদের বিরুদ্ধে এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের দাবিতেও আমরা রাস্তায় নেমেছি।’

পথসভায় উপস্থিত জনগণের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘এগুলো আপনাদের দাবি কি না? আপনাদের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে নামিনি, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’

সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসে বক্তব্য শেষ করে টাঙ্গাইলের উদ্দেশে লংমার্চ নিয়ে যাত্রা শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo