নিউজ ডেস্ক :: পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নয় বছর বয়সী আতিয়ারা এবং ছয় বছর বয়সী আবু বক্কর লালপুরের ঈশ্বরপাড়া এলাকার আতিকুল ইসলামের সন্তান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির কাছেই নতুন খনন করা পুকুর পাড়ে কাদামাটি দিয়ে ছোট ছোট হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে নেমে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত কোনো জটিলতা না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।