নিউজ ডেস্ক :: দুই বছরের নাতিকে মাটিতে আছাড় দিলেন দাদি, বিচার চেয়ে থানায় মা
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বছর বয়সী নাতিকে কোলে তুলে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে দাদি মুক্তা বেগমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা সোনালী আক্তার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী। আহত শিশুটির নাম নাফিন খান। সে মুক্তা বেগমের বড় ছেলে নিরব খানের সন্তান।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কাননীসার গ্রামে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম এক নারীর কাছ থেকে নাতি নাফিন খানকে দুই হাত দিয়ে তুলে নেন। পরে শিশুটিকে মাটিতে ছুড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে তার মা ও স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শুক্রবার রাতে ঘটনার ৩৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফুটেজটি ছড়িয়ে পড়ার পর শিশুটির প্রতি এমন আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযুক্ত দাদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিশুটির মা সোনালী আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার শাশুড়ি মুক্তা বেগম বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর তার কান্নার শব্দ শুনে তিনি ছেলেকে উদ্ধার করেন। এ সময় তার শ্বশুর ও স্বামী প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, ‘একটি শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি পারিবারিক হলেও একটি অবুঝ শিশুর সঙ্গে নির্মমতার অভিযোগ রয়েছে। দ্রুতই বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে