শিরোনামঃ
পিরোজপুরে পূজা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রলারডুবিতে শিশুর মৃত্যু বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বরিশালে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের রোগীর চাপ, শয্যাসংকটে দুর্ভোগ বরিশাল সরকারি কলেজের পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের আলটিমেটাম ডিভাইসে রোগ নির্ণয়ের নামে ১৫ বছর প্রতারণা, বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে জরিমানা পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু বরিশালে মন্দিরে ট্রাঙ্ক ভেঙে ১০ কেজির কাসার ঘণ্টাসহ মালামাল লুট যুগ যুগ ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা ৯ বছর বয়সেই ইংল্যান্ডের ক্লাব ফুটবলে নাম লেখালেন বরিশালের সাবিদ। দালালের খপ্পরে রুশ সেনাবাহিনীতে যোগ যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

বরিশালে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের রোগীর চাপ, শয্যাসংকটে দুর্ভোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, October 20, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের রোগীর চাপ, শয্যাসংকটে দুর্ভোগ!

বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ডায়রিয়া, ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৭৩ জন। অন্যদিকে, ১০ এপ্রিল থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২২ হাজার ৭২৪ জন। এর পাশাপাশি গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ।

রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও নিবিড় পরিচর্যার সুবিধা নেই। ফলে অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের ৭৫টি শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে প্রায় ৪৫০ শিশু ভর্তি থাকছে। একই চিত্র বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডেও। সেখানে ১৪টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪০ জন রোগী।

বরিশাল সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত আগস্টে ডায়রিয়ায় আক্রান্ত ৬৭১ জন চিকিৎসা নেন। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮৪ জনে। অর্থাৎ এক মাসে রোগী বেড়েছে ২১৩ জন, যা প্রায় ৩২ শতাংশ। রোগীর চাপ সামাল দিতে ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে আরও চারটি শয্যা বাড়ানো হয়েছে। তারপরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন রোগী এ ওয়ার্ডে চিকিৎসা নিতে আসছেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা না পেয়ে কেউ মেঝেতে, কেউ বেঞ্চে বসে চিকিৎসা নিচ্ছেন। বারান্দায়ও স্যালাইন হাতে অপেক্ষা করছেন অনেক রোগী।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ টুম্পা রানী বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ওয়ার্ডে ৪৫ জন রোগী ভর্তি ছিলেন। প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শয্যাসংকট ছাড়া অন্য সবকিছু পর্যাপ্ত থাকলেও রোগীর চাপের কারণে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপও বাড়ছে। রোগীদের চিকিৎসার জন্য খাবার স্যালাইন ও ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে শয্যাসংকট রয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শহরের মধ্যে হওয়ায় ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীরাও সেখানে চিকিৎসা নিতে আসছেন।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সবচেয়ে বেশি। হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র নাগ জানান, এক দিনের হিসাব অনুযায়ী, শিশু বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১১ জন, ডেঙ্গুতে আক্রান্ত ১৫৫ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত ৩০ শিশু ভর্তি ছিল। অন্য শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত।

তিনি বলেন, শিশু বিভাগে নির্ধারিত শয্যা ৭৫টি হলেও প্রতিদিন গড়ে প্রায় ৪৫০ শিশু ভর্তি থাকছে। ফলে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। হাম ও ডেঙ্গুতে গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন হতে পারে। কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে এ ধরনের সুবিধা পর্যাপ্ত নেই। এ কারণে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, সীমিত জনবল নিয়ে রোগীদের ভর্তি ও চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম ও অন্যান্য সহায়তার ঘাটতি রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়েতুল হায়দার বলেন, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে। ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাম ও ডেঙ্গু আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। হামের ঝুঁকি কমাতে শিশুদের টিকাদান কার্যক্রমও চালু রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo