রাজনীতি ডেস্ক :: বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্যকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। এ ছাড়াও জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে।
বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে (রোববার) দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ মে (শনিবার) ভোর ৬টায় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে।
আরও পড়ুন
বিএনপি-এনসিপি উত্তেজনা, জিইসি মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ
৩ ঘণ্টা আগে

তিনি বলেন, ওইদিন (৩০ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণসহ মাজার জিয়ারত করবেন। সেই সঙ্গে জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুঃস্থদের মধ্যে কাপড়, চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এছাড়াও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং এর অধীনস্থ সব ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পাশাপাশি নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে কাপড়, চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।