আবহাওয়া ডেস্ক :: বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে নতুন নিম্নচাপ, আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি নিম্নচাপ। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ শক্তি সঞ্চয় করছে এটি। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।
শনিবার (৩১ অক্টোবর) এমনই তথ্য দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
আইএমডির বার্তা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শক্তিশালী নিম্নচাপটি। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে এটি।
ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘মুরাসু’। তামিল ভাষায় মুরাসু শব্দের অর্থ ঢোল। এ নামটি প্রস্তাব করেছে ভারত।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে। ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে দমকা হাওয়ার গতিবেগ।