দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 11, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি

‎‎‎‎‎‎কৃষকদের কাছ থেকে ঘুষ নেয়া ও নিম্নমানের চাল সরবরাহে অনিয়মের অভিযোগের মধ্যে ঝালকাঠি এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহা: আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এর আগে গত ৬ আগস্ট কৃষকের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ সময় তিনি গুদামে সংরক্ষিত ধান, চাল সরেজমিনে পরীক্ষা করেন। পরিদর্শনের সময় ভুক্তভোগী কৃষকরা এলএসডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।

ঝালকাঠি সদর উপজেলার কৃষক মহিদুল ইসলাম অভিযোগ করেন, আমার কাছ থেকে প্রতি বস্তায় ১৩০ টাকা করে নিয়েছেন তিনি। তিনটি কৃষক কার্ডের বিপরীতে তাদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা নেয়া হয়েছে। এর আগে কখনো এমন হয়নি বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার আরেক কৃষক বলেন, ‘নির্ধারিত ৪০ কেজির বদলে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি করে ধান নেয়া হতো। নিম্নমানের ধানও সরকারি নির্ধারিত দামে কেনা হতো। এ ছাড়া কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নেয়া হতো।’

জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘গরিব ও খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুনকে ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১১ আগস্ট থেকে তাকে তাৎক্ষণিকভাবে কর্মবিমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo