নিউজ ডেস্ক :: সড়ক দু*র্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম
ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ডা. জাহেদুল ইসলাম ছাড়াও তার স্ত্রী ও ছোট ভাগ্নে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কারও শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডা. জাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রাইভেটকারে করে তারা সবাই ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনের ফ্লাইওভারের মুখে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে তাদের ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে অনেক দূর সামনে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন।
তিনি জানান, ঘটনার পরপরই ওই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে কাভার্ডভ্যানের চালক ও মালিকের নামে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন জাতীয় যুবশক্তির এই সদস্য সচিব।