নিউজ ডেস্ক :: বরিশালে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
প্রায় শতাধিক নেতাকর্মীসহ বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মাহমুদ মাহাবুব ওরফে মাহবুব মাষ্টার। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতিকের উত্তরীয় পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং অবমূল্যায়নের অভিযোগ তুলে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মাহবুব মাস্টার।
বিএনপিতে মূল্যায়ন না পাওয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন ‘দেয়ার ছিল অনেক, দিয়েছিও অনেক, চাওয়া ছিল শুধু একটু মূল্যায়ন আর যোগ্য আসন। ব্যর্থতা কার? আমার?।’ দলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার তিনি রেখেছেন। এখন সুবাতাস বইছে বলেই হয়তো তার প্রয়োজন ফুরিয়ে গেছে।
যোগদান অনুষ্ঠানে গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে ৭ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছেন তিনি।
উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরাণী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমীর কাওছার হোসেন।