নিউজ ডেস্ক :: সাজেক ভ্যালিতে আটকা ৪ শতাধিক পর্যটক, ভ্রমণে নিষেধাজ্ঞা
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সাজেক সড়ক ডুবে গেছে। ফলে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা।
তিনি জানান, গত দুই দিনে সাজেকে সব মিলিয়ে ৪০০ জনের কিছু বেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। পাহাড়ি ঢলের কারণে সড়ক ডুবে যাওয়ায় এবং তীব্র স্রোত থাকায় এই পথে সব ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে আটকে পড়া পর্যটকরা সবাই নিরাপদ আছেন। সড়কে পানি জমে থাকায় আপাতত কেউ সাজেক থেকে বের হতে পারছেন না। এই উদ্ভূত পরিস্থিতিতে যারা সাজেকে অবস্থান করছেন, তাদের জন্য শুধু সার্ভিস চার্জ দিয়ে রিসোর্টগুলোতে থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।