আমতলীতে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 14, 2026,
  • 23 সংবাদটি পঠিক হয়েছে

আমতলীতে নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

 

নিজস্ব প্রতিবেদক : স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সাউথ ডিভিশনের আওতাধীন বরগুনা অঞ্চলের উদ্যোগে আমতলীতে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী শতাধিক নারী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লামিয়া বিবতে হক, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহমুদুল হাসান, এরিয়া ম্যানেজার (দাবি) মো. সাইফুল ইসলাম, এসএস লিড মো. কাঞ্চন মিয়া, এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) দেবাশিষ সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) দীপংকর ঘোষ, বিএম-টিবি অনাদি মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, অনেক নারী সংকোচ বা আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষা নিতে আসা এক নারী বলেন, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ খুবই উপকারী। অর্থের অভাবে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা করানো সম্ভব হয় না। আজ বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে আমরা উপকৃত হয়েছি।

আরেকজন সেবাগ্রহীতা বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতন হতে পেরেছি। নিয়মিত এ ধরনের উদ্যোগ থাকলে নারীরা আরও বেশি স্বাস্থ্যসচেতন হবেন।

ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহমুদুল হাসান বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক সহজ ও কার্যকর হয়। যেসব রোগী শনাক্ত হবেন, তাদের পরবর্তী চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতেও ব্র্যাক এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo