শিরোনামঃ

বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 5, 2026,
  • 29 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

বরিশালের পূর্বাঞ্চলের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রসমাজ ও এলাকাবাসী। আজ সাহেবের হাট বাজারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বাস মালিক সমিতিকে পাঁচ দফা দাবি বাস্তবায়নে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির অংশ হিসেবে রাজপথ অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, চরকাউয়া থেকে লাহারহাট, গোমা, কাটাদিয়া ও নেহালগঞ্জসহ বরিশালের পূর্বাঞ্চলের সব রুটে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাসে ভাড়ার তালিকা প্রদর্শন, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি বন্ধ এবং গণপরিবহনে ভাড়া নৈরাজ্য নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো—

১. শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা এবং প্রতিটি বাসে ভাড়ার তালিকা প্রদর্শন করা।

২. শিক্ষার্থী দেখলে বাস না থামানোর প্রবণতা বন্ধ করা।

৩. শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও যেকোনো ধরনের হয়রানি বন্ধ করা।

৪. শিক্ষার্থী প্রতিনিধি ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে নিয়মিত সমন্বয় সভার আয়োজন করা।

৫. বিআরটিএ ও পুলিশ প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়সহ ভাড়া নৈরাজ্য বন্ধ করা।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা জানান, শিক্ষার্থীদের হাফ ভাড়া কোনো অনুগ্রহ নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি ও হয়রানি বন্ধে বাস মালিক সমিতি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে পূর্বাঞ্চলের সব রুটে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রাজপথ অবরোধের মতো কর্মসূচিও পালন করা হবে।

ন্যায্য অধিকার আদায়ের এ আন্দোলন সফল করতে বরিশালের পূর্বাঞ্চলের সব শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেছেন আন্দোলনকারীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo