২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৫

ভাড়া বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ভাড়া বাসা থেকে সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার

 

রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক সাংবাদিকের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় বাসা থেকে আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতের নাম রওশন আরা (৫০)। তিনি রাজশাহীর স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) এর স্ত্রী। কামাল মালিক নামে পরিচিত তিনি বর্তমানে ‘দৈনিক রাজশাহী সংবাদ’-এর উপসম্পাদক হিসেবে কর্মরত। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই রওশন আরার মৃত্যু হয়েছে। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে এবং তিনি স্যানিটারি পরিষ্কারক ড্যামফিক্স পান করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাকালে বাসায় আর কেউ উপস্থিত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

দৈনিক রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কামাল মালিকের অবস্থা গুরুতর।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-তা নিয়ে তদন্ত চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo