২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৮

এভারেস্ট জয় করে নামার পথে প্রাণ গেল দুই পর্বতারোহীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: এভারেস্ট জয় করে নামার পথে প্রাণ গেল দুই পর্বতারোহীর

বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় পর্বতারোহী। মূলত এভারেস্ট জয় করে ফেরার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ায় পৌঁছানোর পর নামার সময় চরম শারীরিক ক্লান্তিতে পড়েন তারা। আর এতেই তাদের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, মৃত ওই দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আড়ে। নেপাল এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি জানান, সন্দীপ আড়ে গত বুধবার বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় পৌঁছান। আর অরুণ কুমার তিওয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এভারেস্ট জয় করেন।ভান্ডারি বার্তাসংস্থা পিটিআইকে বলেন, নিচে নামার সময় দুজনই চরম ক্লান্তিতে পড়েন। শেরপা গাইডরা তাদের উদ্ধারের ব্যাপক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ফেরার পথে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ার পর বৃহস্পতিবার মারা যান সন্দীপ আড়ে।

 

ভান্ডারি বলেন, শেরপা গাইডরা ‘ব্যালকনি’ এলাকা থেকে তাকে উদ্ধার করে রাতেই সাউথ কলে নিয়ে আসেন এবং জীবন বাঁচানোর চেষ্টা চালান। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাঁচেননি।

অন্যদিকে এভারেস্ট জয় করে দুই অভিজ্ঞ শেরপা গাইডের সঙ্গে নিচে নামছিলেন অরুণ কুমার তিওয়ারি। নামার সময় ‘হিলারি স্টেপ’-এর কাছে তিনিও চরম ক্লান্তিতে পড়ে যান। গাইডরা বারবার উদ্ধারের চেষ্টা করলেও তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানান ভান্ডারি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরার পথে ঠিক কখন তিওয়ারির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে সবশেষ এই দুই মৃত্যুর পর চলতি মৌসুমে এভারেস্টে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। এর আগে অভিযান চলাকালে তিন নেপালি পর্বতারোহীরও মৃত্যু হয়েছিল।

এছাড়া গত বুধবার নেপালি অংশ থেকে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেন। তাদের মধ্যে তিন ভারতীয় পর্বতারোহীও ছিলেন। সবাই ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। একদিনে এভারেস্ট অভিযানে এটিই সর্বোচ্চ সংখ্যক আরোহনের নতুন রেকর্ড।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বসন্তকালীন মৌসুমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চলতি বছরের বসন্তকালীন অভিযানে এভারেস্ট আরোহনের জন্য মোট ৫০২ জন পর্বতারোহী অনুমতি পেয়েছেন। এর আগে ২০১৯ সালের মে মাসে একদিনে নেপাল থেকে ২২৩ জন এভারেস্ট জয় করেছিলেন, যা ছিল আগের রেকর্ড।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির অবস্থান নেপালে। হিমালয় অঞ্চলের এই দেশটি প্রতিবছর শত শত পর্বতারোহীকে পর্বতারোহণের অনুমতি দিয়ে থাকে। এছাড়া পর্যটকদের এভারেস্ট অভিযান নেপালের পর্যটন আয়ের অন্যতম বড় উৎসও।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo