আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যবর্তী নির্বাচনে হারলে বাকি ২ বছর কীভাবে সামলাবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনমত জরিপে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের কর্মসূচি এগিয়ে নিতে নির্বাহী ক্ষমতা ব্যবহারের পরিকল্পনা করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলে তাঁর বিরুদ্ধে সম্ভাব্য তদন্ত মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও পরিকল্পনার বিষয়ে জানেন এমন দুজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য, গত এপ্রিল থেকেই এ প্রস্তুতি চলছে।
আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এতে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ, অর্থাৎ ৩৫টি আসনে ভোট হবে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন ২১৮টি, ডেমোক্র্যাটদের ২১৪টি। সিনেটে দুই দলের আসন যথাক্রমে ৫৩ ও ৪৭টি। দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদে ও সিনেটে আরও চারটি করে আসনে জয় পেতে হবে।
নতুন পরিকল্পনা
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও বাজেট পরিচালক রাসেল ভোট এ প্রস্তুতির সঙ্গে যুক্ত। আইনজীবীদের সহায়তায় তাঁরা নতুন আইন ছাড়াই ট্রাম্প কী কী পদক্ষেপ নিতে পারেন, তা খতিয়ে দেখছেন। এ বিষয়ে ট্রাম্পকে জানানো হয়েছে এবং তিনিও আলোচনায় অংশ নিয়েছেন।
সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের টারবাইন আমদানিতে নতুন শুল্ক আরোপ, বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ভিসার শর্ত কঠোর করা এবং আবাসন ও নির্মাণব্যয় কমানোর উদ্যোগ।
এ ছাড়া কংগ্রেসের বরাদ্দ করা অর্থ কীভাবে নতুন উদ্যোগে ব্যবহার করা যায়, তা খতিয়ে দেখছেন বাজেট পরিচালক। সরকারি অনুদান দেওয়ার নিয়ম পরিবর্তন করে প্রকল্প নির্বাচনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের প্রভাব বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
নির্দলীয় বিশ্লেষণ প্রতিষ্ঠান ইনসাইড ইলেকশনসের সম্পাদক নাথান গঞ্জালেসের মতে, গত দুই বছরে ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যতটা সম্ভব কাজ করেছেন। কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলেও এ ধারা অব্যাহত থাকতে পারে।
ভেটো ও তদন্তের আশঙ্কা
রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ভেটো ক্ষমতা ব্যবহারের কথা জানিয়েছেন ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের পডকাস্টে তিনি বলেন, ‘মনে হয় আমি মিস্টার ভেটো হয়ে যাব।’
এদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেন। নির্বাহী ক্ষমতা ব্যবহার করে তিনি নিজে, তাঁর মিত্র বা নির্বাচনী প্রচারের দাতাদের সুবিধা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখার আলোচনা চলছে।
এ পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউসের আইনজীবীরা কর্মকর্তাদের সতর্ক থাকার এবং লিখিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। ব্যক্তিগত উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ তদন্তের বাইরে রাখার আইনি সুযোগও খোঁজা হচ্ছে।
অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ পেলে বিচারপতি ও প্রশাসনের উচ্চ পদে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ আটকে দিতে পারবেন ডেমোক্র্যাটরা। টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু বুশের ধারণা, ট্রাম্পের নিয়োগ প্রস্তাব অনুমোদনে ডেমোক্র্যাটদের অনীহা থাকবে।