বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতির দাবি
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূমিকার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, ২০২৪ সালের ১৮ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচনা করে দিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হোক।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল।
এতে আরও বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা চালানো হয়। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের সাহসী প্রতিরোধ বরিশালে আন্দোলনের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এবং সেই আত্মত্যাগ দেশের গণ-আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।
স্মারকলিপিতে শহীদ ও আহত শিক্ষার্থীদের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানাতে ১৮ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উত্থাপন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাচার্যের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।