আন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে নতুন ভিসা প্যাকেজ চালু
সৌদি আরবে ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে দেশটিতে চালু করা হয়েছে নতুন ‘ভিসা প্যাকেজ’ পাইলট প্রকল্প। এই বিশেষ উদ্যোগের আওতায় এখন থেকে যোগ্য পর্যটকরা একটি একক সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসা পেয়ে যাবেন। একই প্যাকেজে যুক্ত থাকবে বিমান টিকিট, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় ভ্রমণ সেবা।
মঙ্গলবার (৭ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু পরীক্ষামূলক বাজারে অনুমোদিত ট্রাভেল ও ট্যুরিজম এজেন্সির মাধ্যমে এই পাইলট প্রকল্প চালু করা হচ্ছে।
সৌদি আরবের নতুন এই প্যাকেজ ভিসার মূল বৈশিষ্ট্য হলো, যোগ্য ভ্রমণকারীরা একক প্ল্যাটফর্ম থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই প্যাকেজের ভেতরে যাওয়া-আসার বিমান টিকিট এবং লাইসেন্সপ্রাপ্ত মানসম্মত হোটেলে থাকার ব্যবস্থা নিশ্চিত করা থাকবে।
পাশাপাশি পর্যটকেরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী সৌদির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা, উৎসব বা বিনোদনমূলক কার্যকলাপে অংশ নেওয়ার মতো বিষয়গুলোও আগে থেকে ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারবেন। ফলে পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল বা ভিসার জন্য দৌড়ঝাঁপ করতে হবে না।
তবে যেসব অনুমোদিত ট্রাভেল এজেন্সির উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম, কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট দেওয়ার সুবিধা রয়েছে শুধু তারাই এই অল-ইন-ওয়ান সেবা দিতে পারবে।
UAE-visa
ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল আরব আমিরাত
সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে পর্যটন খাতের পরিধি বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ যৌথভাবে এই বিশেষ প্যাকেজ ভিসাটি তৈরি করেছে। এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসার মতো বেশ কিছু সহজ নিয়ম চালু করেছিল। এসব যুগান্তকারী পদক্ষেপের কারণে দেশটিতে পর্যটকদের সংখ্যা বহুগুণ বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২৫ সালেই সৌদি আরব ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে।
এই বিষয়ে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, সৌদি আরবের পর্যটনের মূল ভিত্তি হলো উচ্চাকাঙ্ক্ষা, উন্মুক্ততা এবং ধারাবাহিক অগ্রগতি। এই প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পর্যটনকে আরও স্মার্ট ও সহজ করতে পরবর্তী বড় পদক্ষেপটি নিয়েছি। এটি আমাদের পর্যটন অংশীদারদের যেমন শক্তিশালী করবে, তেমনি দর্শনার্থীদের জন্য সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতাকে করবে একদম নির্বিঘ্ন।
সৌদি পর্যটন মন্ত্রণালয় আশা করছে, এই সহজ ব্যবস্থার কারণে বিদেশি পর্যটকেরা দেশটিতে আগের চেয়ে বেশি দিন অবস্থান করবেন। এর ফলে পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ হবে, তেমনি সৌদি আরবের পর্যটন খাতে বিদেশি মুদ্রার ব্যয় বা রাজস্ব আয় অনেক বৃদ্ধি পাবে। মূলত সহজ প্রবেশাধিকার এবং বেসরকারি খাতের সাথে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই নতুন প্রকল্প সাজিয়েছে সৌদি আরব।