আবহাওয়া ডেস্ক :: ৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ
নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের ৬টি নদীর ১০টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর মধ্যে রয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদী। এর মধ্যে খোয়াই নদীর বল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার এবং হবিগঞ্জ পয়েন্টে ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ১৫৪ সেন্টিমিটার এবং সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে ১৪২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, মোট ১২৭টি পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে ৯৩টি স্টেশনে পানি বাড়ছে, ৩১টিতে কমছে এবং ৩টি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।
বিপদসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী। এর মধ্যে তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর পয়েন্ট; কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা ও লরেরগড় পয়েন্টে পানি সতর্কসীমায় অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ও উজানে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অভ্যন্তরে সর্বোচ্চ ২৯৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। একই সময়ে দেশের উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ২২৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।