ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসি আক্তার ওই এলাকার মো. কাওসার খানের স্ত্রী। এ ঘটনায় কাওসার খানসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। এ সময় হাসি আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার একটি কথিত জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, পলাতক মো. কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।