নিউজ ডেস্ক :: শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সি শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মারুফ হোসেন এই রায় দেন।
মামলায় তিনজনের নাম উল্লেখ থাকলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. মামুন মন্ডল (৩৮) ও মো. রকি (২৬) নামের অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. আল মোহাইমিনু মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি বগুড়ার কাহালু উপজেলার পাইকপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।
মাম্লা সুত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় ওই কিশোরী শিক্ষার্থী। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি মেহেদী, তার ভাই মো. মামুন মন্ডল এবং ভাগনে মো. রকিসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই কিশোরীর মা লাবনী আক্তার বাদী হয়ে গত বছরের ৮ এপ্রিল তিনজনকে আসামি করে কাহালু থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান বলেন, এই রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সমাজে এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, সে জন্য এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।