ভোলা প্রতিনিধি :: বন্ধুর সাথে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তরুন
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু অমিত গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলি বাড়ির মোতাহারের ছেলে। আহত অমিত একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বাড়ি থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা হন। পথে বাংলাবাজার পৌঁছানোর আগে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অমিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একজন মারা গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।