শিরোনামঃ
দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার  ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার, ২ ১০০ জন প্রকৃত সাংবাদিকই গড়তে পারেন শক্তিশালী প্রেসক্লাব, সদস্য সংখ্যার প্রতিযোগিতায় হারাচ্ছে মর্যাদা-পেশাদারিত্ব? বরিশাল ও চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টির আভাস পিটির লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী, তদন্তের নির্দেশ বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে আইনজীবীদের শুভেচ্ছা দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো-তা হবে না’: জহির উদ্দিন স্বপন দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 24, 2026,
  • 41 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর এখন নীরব, টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক

একসময় সন্ধ্যা নামলেই নদীর বুকে ভেসে আসত লঞ্চের হুইসেল। টরকী বন্দরের ঘাটে বাড়ত মানুষের আনাগোনা। যাত্রীদের ব্যস্ততা, পণ্য ওঠানামা আর ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর থাকত পুরো এলাকা। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেত যাত্রীবাহী লঞ্চ। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অতীত।

নদী আছে, ঘাট আছে, আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পুরোনো টার্মিনালও। শুধু নেই যাত্রীবাহী লঞ্চের চলাচল। দীর্ঘদিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকলেও টার্মিনালটি বহাল থাকায় এবার নতুন করে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে। তাঁদের অভিযোগ, টার্মিনাল ও ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফলে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পরও টার্মিনালের আর্থিক বোঝা বহন করতে হচ্ছে তাঁদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী টরকী বন্দর একসময় দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ছিল। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে এ বন্দরের নৌযোগাযোগ স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। বিশেষ করে ঢাকা-টরকী নৌপথ ছিল এ অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম।

একসময় এমভি রাজধানী, মহানগরী, নিউসান ও মানসীসহ বিভিন্ন নামের যাত্রীবাহী লঞ্চ নিয়মিত চলাচল করত এই রুটে। টরকী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এসব লঞ্চ পথে গৌরনদী, পিঙ্গলাকাঠী, কয়ারিয়া, রামারপোল, হোসনাবাদ, বোয়ালিয়া, নোমরহাট, চরমালিয়া ও ঢালীবাড়িসহ বিভিন্ন ঘাট থেকে যাত্রী তুলত।

ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জের সঙ্গেও ছিল সরাসরি নৌযোগাযোগ। টরকী বন্দর থেকে প্রতিদিন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যেত, যা পথে চাঁদপুরে যাত্রাবিরতি করত। সব মিলিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন প্রায় ছয়টি লঞ্চ চলাচল করত বলে জানান স্থানীয়রা।

এই নৌপথ শুধু যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং স্থানীয় অর্থনীতির সঙ্গেও ছিল গভীর সম্পর্ক। টরকী বন্দর থেকে রাজধানীতে পাঠানো হতো বরিশালের বিখ্যাত পান, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছসহ নানা ধরনের কৃষি ও বাণিজ্যিক পণ্য। নদীপথের সহজ যোগাযোগের কারণে ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন ছিল তুলনামূলক সুবিধাজনক। ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অসংখ্য মানুষের জীবিকা।

কিন্তু ধীরে ধীরে বদলে যায় পরিস্থিতি। নদীতে নাব্যতা সংকট, পলি জমে নৌপথের গভীরতা কমে যাওয়া এবং পরবর্তী সময়ে পদ্মা সেতু চালুর ফলে সড়কপথে যোগাযোগ সহজ হওয়ায় লঞ্চের যাত্রীসংখ্যা কমতে থাকে। একপর্যায়ে বন্ধ হয়ে যায় নিয়মিত লঞ্চ চলাচল। এর সঙ্গে হারিয়ে যায় ঘাটের দীর্ঘদিনের কর্মচাঞ্চল্য। যাত্রী ও পণ্যবাহী নৌযানের পরিবর্তে পুরোনো ঘাটটি এখন অনেকটাই নীরব।

তবে লঞ্চ চলাচল বন্ধ হলেও সরানো হয়নি বিআইডব্লিউটিএর টার্মিনাল। আর এই টার্মিনালকে ঘিরেই এখন নতুন বিতর্ক

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী ও ক্রেতা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল না থাকলেও টার্মিনালের নামে ইজারা কার্যক্রম বহাল রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তার যোগসাজশে ইজারার নামে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীদের প্রশ্ন, যে ঘাটে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী লঞ্চ চলাচল নেই, সেখানে টার্মিনালের নামে অর্থ আদায়ের যৌক্তিকতা কী? যাত্রীসেবা বন্ধ থাকার পরও কেন ব্যবসায়ী ও ক্রেতাদের বাড়তি অর্থ দিতে হবে? তাঁদের দাবি, বন্দরে ব্যবসা পরিচালনা কিংবা কেনাকাটা করতে গিয়ে বিভিন্নভাবে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের খরচ বাড়ার পাশাপাশি সাধারণ ক্রেতারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, একসময় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করার জন্য যে টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, বর্তমানে সেটিই তাঁদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পর টার্মিনালটির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা নিয়েও নতুন করে পর্যালোচনা জরুরি।

এ অবস্থায় পুরোনো টার্মিনালটি সরিয়ে নেওয়া অথবা ঘাটটিকে সম্পূর্ণ ইজারামুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে তাঁদের মুক্তি দেবে।

একসময় যে টরকী ঘাট ছিল নদীকেন্দ্রিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের প্রাণকেন্দ্র, সময়ের পরিবর্তনে সেখানে এখন শুধুই অতীতের স্মৃতি। লঞ্চের হুইসেল থেমেছে, যাত্রীদের কোলাহল হারিয়েছে, বদলে গেছে বন্দরের চিরচেনা দৃশ্য। কিন্তু সেই পরিবর্তনের মধ্যেও টার্মিনালকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে জনভোগান্তির অভিযোগ।

স্থানীয়দের প্রশ্ন, যে নৌপথে এখন আর লঞ্চ চলে না, সেই টার্মিনাল বহাল রেখে ইজারার নামে অর্থ আদায়ের প্রয়োজনীয়তা কোথায়? ঐতিহ্যবাহী টরকী বন্দরের ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo