ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা। এ সময় করিম ব্রিকসের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ইটভাটার ধোঁয়া ও দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে