নিউজ ডেস্ক :: দেশে ফিরতে সরকারকে বিমানের ব্যবস্থা করতে অনুরোধ শেখ হাসিনার
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি। ২০২৪ সালের আগস্টে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে পালিয়ে যান শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া, তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।