জিয়াউল আহসানের মামলায় ভয়াবহ বর্ণনা, ১০০ মরদেহের সন্ধান মিলেনি
নিউজ ডেস্ক ::গুমের পর হত্যা, মরদেহের পরিচয় মুছে ফেলতে পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়াসহ নানা ভয়াবহ নৃশংসতার বর্ণনা উঠে এসেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায়। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, ১১৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে এ মামলায়।
এর মধ্যে মাত্র ১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০০ জনের মরদেহের আজও কোনো সন্ধান মেলেনি। হত্যার পর তাদের পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাক্ষীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলার ভয়াবহতার বর্ণনা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় আমাদের সর্বমোট ১৬টি মরদেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ১০০টি মরদেহ আমরা উদ্ধার করতে পারিনি। তাদের পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই মরদেহগুলো পরবর্তী সময়ে আর পাওয়া যায়নি। তাদের অস্তিত্ব পাওয়া যায়নি।
তিনি বলেন, সাক্ষীদের বর্ণনা ও ঘটনার বিবরণ বিশ্লেষণ করে ১১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ১০০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব না হলেও তাদের হত্যার ঘটনা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা সম্ভব।
এ প্রসঙ্গে ‘মুজাহিদুল ইসলাম ভার্সাস দ্য চিফ প্রসিকিউটর’ মামলার উদাহরণ তুলে ধরেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ওই মামলায় শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হত্যার অপরাধ প্রমাণের বিষয়টি আপিল বিভাগ স্পষ্ট করেছেন। ফলে মরদেহ উদ্ধার না হওয়া মানেই হত্যার অপরাধ প্রমাণ করা যাবে না, বিষয়টি এমন নয়।
চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় প্রসিকিউশন মোট ১৫ জন সাক্ষী উপস্থাপন করেছে। তাদের মধ্যে প্রায় ছয়জন সরাসরি জিয়াউল আহসানের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন। তারা আদালতে গুম, হত্যা এবং মরদেহ গুম করার ভয়াবহ ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, এসব সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের মাধ্যমে আসামির সংশ্লিষ্টতা এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা বিবেচনায় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হবে।
একই সঙ্গে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন জানানো হবে। পরে এসব সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ নিহত ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মধ্যে বণ্টনের আবেদনও জানাবে প্রসিকিউশন।
কারাগার থেকে ভার্চ্যুয়ালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকাজে অংশ নেন জিয়াউল আহসান। এদিন তার বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ, গুম ও হত্যার ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো অপরাধ ছিল না; বরং পরিকল্পিতভাবে মানুষকে তুলে নিয়ে হত্যা এবং হত্যার পর তাদের মরদেহের অস্তিত্ব নিশ্চিহ্ন করার মতো অপরাধ সংঘটিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।