নিউজ ডেস্ক :: ১০ বছরের শিশুকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করল মামা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মামার বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সৎ মামা রাজা মিয়াকে (৪৫) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি প্রায় ৬ বছর ধরে নিহত কিশোরীর পরিবারের সঙ্গেই একই বাড়িতে বসবাস করে আসছিলেন। দুপুরে নিজ ঘরের খাটের ওপর ওই কিশোরীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর বিকেল ৪টার দিকে সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার শেষে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী এবং বালুচর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম জানান, প্রাথমিকভাবে নিহত কিশোরীকে ধর্ষণের পর হত্যার স্পষ্ট আলামত পাওয়া গেছে।
নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সৎ মামাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন। মৃতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।