শিরোনামঃ
অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে রেকর্ডবই ছিন্নভিন্ন করলেন শরিফুল সৌদিতে ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম, হাফেজ নুরুদ্দিনকে চরমোনাই পীরের সংবর্ধনা বরিশালে লাল শাপলার মুগ্ধতায় সাতলা বিল, প্রকৃতির টানে ছুটছে মানুষ বরিশালে ৩ বছর ধরে পানির মান পরীক্ষা বন্ধ: বাড়ছে ডায়রিয়া ও জনস্বাস্থ্য ঝুঁকি দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বরিশালে পরিবারের অমতে বিয়ের ৯ মাস পর বিষপানে কিশোরীর মৃত্যু যৌতুকের দাবিতে গান ছেড়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ‘ভ’য়া’বহ পরিণতি’ বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার লোডশেডিংয়ের সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা, হঠাৎ বিদ্যুৎ চলে আসায় আহত চোর।

বরিশালে লাল শাপলার মুগ্ধতায় সাতলা বিল, প্রকৃতির টানে ছুটছে মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে লাল শাপলার মুগ্ধতায় সাতলা বিল, প্রকৃতির টানে ছুটছে মানুষ

 

শরতের নীল আকাশ, চারপাশের সবুজ আর বিলজুড়ে ফুটে থাকা অগণিত লাল শাপলা, সব মিলিয়ে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপরূপ ছবি। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিল এখন রূপ নিয়েছে লাল শাপলার বর্ণিল রাজ্যে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।

বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হারতা ইউনিয়নে অবস্থিত প্রায় ২০০ একর আয়তনের সাতলা বিল। বর্ষার পানি নেমে যাওয়ার পর বিলের বিস্তীর্ণ জলরাশিজুড়ে ফুটে ওঠে লাল শাপলা। দূর থেকে তাকালে মনে হয়, সবুজের বুক চিরে লাল রঙের বিশাল এক চাদর বিছিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত প্রায় পাঁচ মাস সাতলা বিলে শাপলার দেখা মেলে। তবে শরতের শেষ ভাগ থেকে হেমন্তের মাঝামাঝি পর্যন্ত শাপলার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এবং বিকেলের শেষভাগে বিলের সৌন্দর্য হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়।

সকালের সূর্যের কোমল আলো শাপলার ওপর পড়তেই বদলে যায় পুরো বিলের দৃশ্য। বাতাসের সঙ্গে দুলতে থাকা লাল শাপলা, বিলের স্বচ্ছ জল আর চারপাশের সবুজ গাছগাছালি মিলে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। ছোট নৌকায় চড়ে বিলের ভেতর ঘুরতে ঘুরতে শাপলার সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। পানির মৃদু ঢেউয়ের শব্দ আর ফুলের সুবাসে প্রকৃতির কাছাকাছি হারিয়ে যাওয়ার সুযোগ মেলে এখানে।

সাতলা বিলের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে চারটি নৌকাঘাট বা পর্যটন পয়েন্ট। এসব পয়েন্ট থেকে ছোট নৌকা ভাড়া করে দর্শনার্থীরা বিলের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান। কেউ ছবি তুলছেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কেউ নৌকায় বসে উপভোগ করছেন শাপলায় ঢাকা জলরাশির অপার সৌন্দর্য।

স্থানীয়দের কাছে সাতলা বিল শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি তাদের জীবিকারও অন্যতম উৎস। বিলের শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন অনেক মানুষ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা সংগ্রহ করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করে সংসার চালান তারা।

মুড়িবাড়ি এলাকার বাসিন্দা গৌরঙ্গ নাথ বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার নিয়ে বিলে শাপলা তুলি। পরে হাটে নিয়ে বিক্রি করি। শাপলা বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই কোনোভাবে সংসার চলে।

অন্যদিকে, সাতলা বিলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় মাঝিরাও। নৌকার মাঝি চয়ন বলেন, প্রতিদিন অনেক পর্যটক আসেন। তাদের নৌকায় করে বিল ঘুরিয়ে দেখাই। নৌকা ভাড়ার পাশাপাশি অনেকেই খুশি হয়ে বকশিশ দেন। পর্যটকদের ঘোরাতে আমাদেরও ভালো লাগে, আবার এই কাজের আয় দিয়েই কোনোভাবে সংসার চলে।

স্থানীয়রা বলছেন, সাতলা বিলের লাল শাপলা এখন বরিশালের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিবছর শাপলা ফোটার মৌসুমে এখানে পর্যটকের আনাগোনা বাড়ে। তবে পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, নৌযান চলাচলে শৃঙ্খলা এবং শাপলা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রকৃতির অপরূপ এই আয়োজন দেখতে তাই শরতের সকাল কিংবা বিকেলে সাতলা বিল হতে পারে ভ্রমণপ্রেমীদের জন্য অনন্য এক গন্তব্য। লাল শাপলার মায়াবী সৌন্দর্য আর নৌভ্রমণের আনন্দ মিলিয়ে সাতলা যেন এ সময় হয়ে উঠেছে প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo