নিউজ ডেস্ক :: শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুসলেউদ্দিন নামে এক মাদ্রাসার উপাধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মুসলেউদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন শুক্রবার দ্য ডেইলি স্টারকে জানান, উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।
শিশুটির পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার মাদ্রাসায় শিশুটিকে যৌন হয়রানি করেন মুসলেউদ্দিন। বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকিও দেওয়া হয় তাকে। এতে আতঙ্কিত হয়ে শিশুটি টানা তিন দিন মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে। পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে তাদের কাছে ঘটনার কথা প্রকাশ করে সে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে মারধর করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি আরিফ হোসেন।