নিউজ ডেস্ক :: মসজিদের ভেতর হামলায় বিএনপি নেতা নিহত
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে মসজিদের নতুন কমিটি গঠন করে আবু সালেহ আহমেদকে সভাপতি করা হয়। এ নিয়ে একই গ্রামের আব্দুল মতিন ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার মসজিদের ভেতরে এ বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সালেহ আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু সালেহ আহমেদ নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের ছেলে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আব্দুল মতিনসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।