ঢাকাসহ সাত বিভাগে ঝড়-বৃষ্টির আভাস জানাল আবহাওয়া অফিস
বসন্তের শুরুতেই সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ এবং বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত আবহাওয়া অফিসের পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হওয়ার আভাস দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়বে। সেদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলবার দেশের প্রায় সব প্রধান বিভাগেই বৃষ্টিপাত হতে পারে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে শুরু করবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও তার সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এ লঘুচাপের প্রভাবে উত্তরীয় বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে।
এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নীলফামারীর ডিমলায়, যেখানে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা রোদের তাপমাত্রা বাড়লেও রাতে এখনো শীতের হালকা আমেজ টিকে আছে।