নিউজ ডেস্ক :: বজ্রাঘাতে নারীর মৃত্যু, আহত ৭
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নারী মোছা. আজিমা বেগম (৩৮)। তিনি দালালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সুবহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে গ্রামের কয়েকজন মানুষ মাঠে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি ফেরার পথে দালালপাড়া এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে আজিমা বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা আরও সাতজন আহত হন।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল হোসেন বজ্রাঘাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।