আবহাওয়া ডেস্ক :: তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস
আষাঢ়ের বৃষ্টিপাতের মধ্যেই দেশের ৮ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে। ফলে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় চলমান তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরমধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে
আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। যদিও এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও কমতে পারে দিনের তাপমাত্রা
এদিকে আগামী মঙ্গল ও বুধবার (৩০ জুন-১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই দু’দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে আগামী বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নেত্রকোণায় ৫০ মিলিমিটার ছাড়াও সিলেটে ২৩, দিনাজপুরে ২০, নীলফামারীর সৈয়দপুরে ১৫, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯, ফেনীতে ৭ মিলিমিটারসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর