খেলাধুলা :: ব্রাজিল-নরওয়ের হাইভোল্টেজ ম্যাচে জয় পাবে কারা জানাল
বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ম্যাচটির ফল নিয়ে চলছে নানান আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সুপার কম্পিউটার এমনকি ‘জ্যোতিষী’ হিসেবে পরিচিত একটি বিড়ালও নিজেদের পূর্বাভাস দিয়েছে। তিন ক্ষেত্রেই এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে
বিভিন্ন পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তিমত্তা এবং সম্ভাব্য একাদশ বিশ্লেষণ করে এআই মনে করছে, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৮ শতাংশ। বিপরীতে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২০ শতাংশ। আর ম্যাচটি ৯০ মিনিটে সমতায় শেষ হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ শতাংশ।
শুধু জয়ের সম্ভাবনাই নয়, সম্ভাব্য স্কোরলাইনও জানিয়েছে এআই। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২-১ গোলের ব্যবধানে জয় পেতে পারে ব্রাজিল। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছে ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের নাম। অন্যদিকে নরওয়ের হয়ে গোল করতে পারেন দলটির সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড।
ম্যাচটি নিয়ে নিজেদের বিশ্লেষণ প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও। ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফলাফল সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, ৫৩ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত সময়েই জয়ী হয়েছে ব্রাজিল। নরওয়ে জিতেছে ২২ দশমিক ৪ শতাংশ সিমুলেশনে। আর ২৪ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে।
কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনার হিসাবেও এগিয়ে রয়েছে সেলেসাওরা। অপটার তথ্য অনুযায়ী, ব্রাজিলের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কিংবা মেক্সিকোর মুখোমুখি হবে।
পরিসংখ্যান আর প্রযুক্তির বিশ্লেষণের পাশাপাশি আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ হিসেবে পরিচিত বিড়াল মিলুও। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল আগেই অনুমান করেছিল মিলু এবং সমর্থকদের দাবি, সেই পূর্বাভাসগুলো বাস্তবেও মিলে গেছে। এবারও মিলুর ভবিষ্যদ্বাণী, নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ব্রাজিল। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থক আবারও মিলুর পূর্বাভাসকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন।
তবে সব পূর্বাভাসই যে ব্রাজিলের জন্য নিশ্চিন্ত বার্তা দিচ্ছে, তা নয়। ইতিহাস বলছে, বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। দুই দলের আগের বিশ্বকাপের দেখায় নরওয়ে কখনোই ব্রাজিলের কাছে হারেনি। সেই পরিসংখ্যানই মনে করিয়ে দিচ্ছে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াই মোটেও সহজ হবে না। নরওয়ের পাল্টা আক্রমণ, বিশেষ করে আর্লিং হালান্ডের উপস্থিতি ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ, সুপার কম্পিউটারের হিসাব এবং সমর্থকদের আলোচনায় ব্রাজিলই ফেবারিট। তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের মতো এবারও যে কোনো পূর্বাভাস মুহূর্তেই বদলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট কার হাতে উঠবে, তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিট অথবা প্রয়োজন হলে তারও পরে