নিউজ ডেস্ক :: মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের টাকা জোগাড় করতে চার পরিবারের পাঁচটি শিশু সন্তানকে বিক্রির ভয়াবহ অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, মাদকের বিস্তার ও দারিদ্র্যের জাঁাকাকলে পড়ে জন্মদাতা মা-বাবাই নিজেদের সন্তানদের টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিচ্ছেন বলে জানান স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, গ্রামের দুলাল মিয়ার ছেলে জাকির হোসেন ও ফারজানা দম্পতি ৬০ হাজার টাকায়, সাদ্দাম হোসেন তার দুই স্ত্রীর দুই সন্তানকে ১ লাখ ৫০ হাজার ও ২০ হাজার টাকায়, আসাদ মিয়া ৭৭ হাজার টাকায় এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে আসাদ মিয়া ২ লাখ টাকায় নিজ সন্তানদের বিক্রি করেছেন। স্থানীয়দের দাবি, পরবর্তীতে এসব শিশুকে অন্যত্র হাতবদল করা হয়েছে, ফলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমনকি শিশু সন্তানদেরও মাদকের সংস্পর্শে আনার অভিযোগ রয়েছে।
এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় অধিবাসী ও শিক্ষার্থীরা। থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।