নিউজ ডেস্ক :: থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটালেন যুবক
জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে ঢুকে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে আসলামকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন থানার পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন তিনি। রকি সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে আসলামকে আটকানোর চেষ্টা করলে কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন তিনি। এ সময় আরেক পুলিশ সদস্য তাঁকে আটকাতে গেলে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয়।
পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে পালিয়ে যান আসলাম। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলাম হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।