নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউন্সিলর পদপ্রার্থী মৃধা পরিবারের কন্যা নাজমা আক্তার মুন্নীর গণসংযোগে ব্যাপক সাড়া
বরিশাল নগরীর ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাজমা আক্তার মুন্নী নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিভিন্ন মহল্লা, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তার এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
নাজমা আক্তার মুন্নী বলেন, নির্বাচিত হলে তিনি ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন এবং জনবান্ধব এলাকায় পরিণত করতে কাজ করবেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, যুবসমাজের উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিকে অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি।
নাজমা আক্তার মুন্নী বরিশাল নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মৃধা বাড়ির সুপরিচিত মৃধা পরিবারের কন্যা। তিনি মরহুম মোঃ দেলোয়ার হোসেন মৃধার কৃতি সন্তান। পারিবারিকভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।
রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, মহিলা ও শিশু অধিকার ফোরাম বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন।
এলাকাবাসী মনে করছেন, শিক্ষিত, সৎ, কর্মঠ ও জনসেবামুখী নেতৃত্ব হিসেবে নাজমা আক্তার মুন্নী নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।