নিউজ ডেস্ক :: রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী
রাজধানীর বিজয় সরণি সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী (৫০) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার আওতাধীন বিজয় সরণি-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলীর ছেলে সিয়াম আহমেদ মানিক জানান, তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামে। বর্তমানে তারা মিরপুরের পল্লবী ১২ নম্বর সেকশনে বসবাস করেন। মিরপুরে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, রাতে তার বাবা ব্যবসায়িক কাজে জুরাইন পোস্তগোলা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টস চ্যানেলের একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে গাড়িচালক তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া জানান, রাতে বিজয় সরণি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপের টিএস স্পোর্টসের গাড়িচালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গাড়িচালক ফরহাদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।