নিউজ ডেস্ক :: সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, ৮ দিন পর ট্রলারে মিলল ৯ জেলের পচাগলা মরদেহ
পশ্চিমবঙ্গের উপকূলে আট দিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে
বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আট দিনের বেশি সময় ধরে নিখোঁজ থাকা একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়েছে। ট্রলারটির ভেতর থেকে এখন পর্যন্ত ৯ জন মৎস্যজীবীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। ট্রলারটিতে তল্লাশি অব্যাহত রয়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় মৎস্যজীবী সংগঠনের তথ্যমতে, গত ২ জুলাই পশ্চিমবঙ্গের দিঘার শংকরপুর বন্দর থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায় ‘মা কালী’ নামের ট্রলারটি। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ এবং মৎস্যজীবী সংগঠনগুলো যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।
গত শনিবার থেকে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর চিত্রক ভট্টাচার্যের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযানে রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কবীর হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুন্দরবন পুলিশ জেলার সদস্যরা অংশ নেন। ড্রোনের সাহায্যে দীর্ঘ তল্লাশির পর রোববার (১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে চুলকাঠির জঙ্গলের কাছে বাঘেরচরে উল্টে থাকা অবস্থায় ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়
পরে বন বিভাগ, গোবর্ধনপুর কোস্টাল থানা, সুন্দরবন পুলিশ, উপকূল রক্ষী বাহিনী এবং স্থানীয় মৎস্যজীবী সংগঠনের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সন্ধ্যায় পাথরপ্রতিমার গোবর্ধনপুরের সীতারামপুর ঘাটে নিয়ে আসা হয়।
রাতভর ট্রলারের ভেতরে জমে থাকা পানি পাম্পের সাহায্যে বের করা হয়। এরপর তল্লাশি চালিয়ে একে একে ৯ জন মৎস্যজীবীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।
এখনও অন্তত ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মরদেহ ট্রলারের ভেতরে আটকে থাকতে পারে— এমন আশঙ্কায় সোমবার (১৩ জুলাই) সকালেও ট্রলার থেকে পানি অপসারণ করে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পাশাপাশি নিখোঁজ ৬ মৎস্যজীবীর সন্ধানে সমুদ্র ও উপকূলীয় এলাকাতেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে