নিউজ ডেস্ক :: মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশিকুর রহমান (২২) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বগুড়া মহানগরীর ২য় বাইপাসের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি আরও জানান, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।