বরিশাল ডিসি অফিসে বিনা টাকায় চাকরি পেলো ৫৭জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 4, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ডিসি অফিসে বিনা টাকায় চাকরি পেলো ৫৭জন

 

কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডের ৫৭টি পদে চাকরি পেয়েছেন নিয়োগপ্রাপ্তরা। চাকরির জন্য আবেদনপত্র বাবদ ৬০ টাকা ছাড়া কোনো প্রার্থীকে কোথাও টাকা দিতে হয়নি বলে দাবি করেছেন নিয়োগ পাওয়া কর্মচারীরা।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এমন তথ্য জানান তারা। দীর্ঘদিন ধরে চাকরির নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগের মধ্যে কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই চাকরি পাওয়ার দাবি করায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

নিয়োগপ্রাপ্তদের কয়েকজন জানান, চাকরির জন্য তাদের কাউকে তদবির করতে হয়নি কিংবা কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ দিতে হয়নি। দীর্ঘদিন চাকরির চেষ্টা করে কয়েকবার মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও নিয়োগ না পাওয়া কয়েকজন এবার মেধার ভিত্তিতে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

 

নবনিয়োগপ্রাপ্ত জুলহাস হোসেন, হাসি আক্তার, মোহাম্মদ বুলবুল ইসলামসহ একাধিক কর্মচারী জানান, এর আগে তারা পাঁচ থেকে সাতবার বিভিন্ন চাকরির ভাইভা পরীক্ষায় অংশ নিয়েছেন। মেধা থাকা সত্ত্বেও সেসব নিয়োগে চাকরি হয়নি। তবে এবার কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই চাকরি পাওয়ায় তারা আনন্দিত। কর্মজীবনে সততার সঙ্গে মানুষের সেবা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

 

সূত্র জানায়, এর আগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও নানা জটিলতায় কয়েকটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এসব নিয়োগকে ঘিরে বিভিন্ন সময় নানা অভিযোগ ও আলোচনা-সমালোচনাও ছিল।

 

তবে ২০২৫ সালের ২৩ অক্টোবর বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ৩০ অক্টোবর এবং শেষ হয় ২৯ নভেম্বর।

পরবর্তীতে নিয়োগ পরীক্ষা ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ৮২টি পদের মধ্যে ৫৭টি পদে নিয়োগ সম্পন্ন করা হয়। বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদের তত্ত্বাবধানে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন তালুকদার বলেন, কোনো ধরনের তদবির ও আর্থিক লেনদেন ছাড়াই যে চাকরি পাওয়া যায়, সদ্য যোগদানকারীরাই তার বড় প্রমাণ। যারা নিয়োগ পেয়েছেন, তারাই জানেন কীভাবে তাদের নিয়োগ হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, কোনো ধরনের চাপের কাছে তিনি নতিস্বীকার করেননি। বরিশালে যোগদানের পর বরিশালসহ বিভাগের বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘কেউ যদি প্রমাণ করতে পারেন টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, তাহলে আমি চাকরি ছেড়ে দেব।’

 

বিভাগীয় কমিশনার আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, সদ্য নিয়োগপ্রাপ্তরা তার সুফল পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নিয়োগ পাওয়া কর্মচারীরা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo