নিউজ ডেস্ক :: মুক্তিযুদ্ধের যে সত্য, তা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে গড়া সত্য
মুক্তিযুদ্ধের যে সত্য, তা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে গড়া সত্য বলে মন্তব্য করেছেন লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। বুধবার (৭ অক্টোবর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিশেষ সেমিনার ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠানে তিনি ভিডিও কলে যুক্তে হয়ে এসব কথা বলেন।
হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো কখনো পরিবর্তিত হতে দেখি। এটা আমাদের দুর্ভাগ্য। একটি শ্রেণির কাছে মুক্তিযুদ্ধ যেন শুধু একটি গোলমালের বিষয় মানে ওই বছরটায় শুধু গোলমাল হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ কোনো গোলমাল নয়। মুক্তিযুদ্ধ একটি স্লোগান, মুক্তিযুদ্ধ একটি জীবন এবং মুক্তিযুদ্ধ জাতীয় স্বাধীনতার প্রতীক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে যখন বিতর্কিত করার চেষ্টা করা হয়, তখন স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, তারা প্রকৃত ইতিহাস নিয়ে বিভ্রান্ত হয়। আর সেই বিভ্রান্তির ফলেই জাতীয় গৌরবের যে অস্তিত্ব, তা তাদের কাছে ম্লান হয়ে যায়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবদমনের চেষ্টা করা হয়েছে। যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্লিখনের বিষয়ে তিনি বলেন, নতুন করে তো মুক্তিযুদ্ধের ঘটনা ঘটবে না। ইতিহাস তো ইতিহাস। নতুন করে ইতিহাস লেখা যায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক ও সামাজিক দুর্ভাগ্য যে আমরা ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করি। এটা শুধু অন্যায় নয়, জাতীয় অপরাধ।
হারুন হাবীব বলেন, সত্য যা, ঘটনা যা তার নিজস্ব একটা শক্তি থাকে। সেই সত্যকে, সত্যের ইতিহাসকে বা ইতিহাসের সত্যকে যদি কখনো চাপা দিতে চান, তাহলে কয়েক দিন, কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য তা করা সম্ভব। কিন্তু সত্যের নিজস্ব শক্তি আছে, তার প্রতিরোধের শক্তি আছে। সেই শক্তি দিয়েই সত্য আবার ফিরে আসে।
সমাজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ঐতিহাসিক সত্যকে রক্ষা করে আপনারা সবকিছু করতে পারেন, কিন্তু ইতিহাসকে আঘাত করে নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাসকে আঘাত করছি। মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে আমরা আক্রান্ত করছি এবং তরুণ প্রজন্মকে সত্যিকার ইতিহাস থেকে দূরে রাখছি।
সেমিনারে লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘প্রিয়যোদ্ধা প্রিয়তম’ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইন।