নিউজ ডেস্ক :: তহবিল সংকট ও অপরাধের ঝুকিতে রোহিঙ্গা শিবিরের শিশুরা
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে পরিচিত বাংলাদেশের কক্সবাজার ও উখিয়ার ঘিঞ্জি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি বছর জন্ম নেওয়া হাজার হাজার শিশুর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তা ও অপরাধের ঝুঁকিতে পড়ছে। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত জীবনের নয় বছর পার হলেও শিবিরের খুপরি ঘরগুলোতে প্রতিদিন জন্ম নিচ্ছে ভবিষ্যৎহীন এক নতুন প্রজন্ম। বৈশ্বিক অনুদান কমে যাওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অনাগ্রহের সুযোগে এসব পথহারা শিশুদের অপরাধের অন্ধকারে টেনে নিচ্ছে সশস্ত্র সন্ত্রাসী ও অপরাধী চক্র।
জাতিসংঘের তথ্যানুযায়ী, শিবিরগুলোতে মানবিক বিপর্যয়ের মধ্যেও শিবিরের অস্বাস্থ্যকর খুপরি ঘরগুলোতে প্রতি বছর গড়ে প্রায় ৩০ হাজার শিশুর জন্ম হচ্ছে। ২০১৭ সালের সহিংসতার সময় যেসব শিশু জন্ম নিয়েছিল, তাদের শৈশব কেটেছে এই বন্দিশিবিরে। উপযুক্ত শিক্ষা, খেলাধুলার সুযোগ এবং মৌলিক অধিকার বঞ্চিত হয়ে আজ তারা কৈশোরে পা দিচ্ছে চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে। শিবিরের নিরাপত্তা চাদর ঢিলে হয়ে পড়ায় শিশুরা মারাত্মকভাবে লিঙ্গভিত্তিক সহিংসতা, পাচার ও অপহরণের শিকারে পরিণত হচ্ছে।