বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং ডেঙ্গু মশার প্রজননস্থল সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।
অভিযান সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তা দখল করে রাখা অবৈধ মালামাল অপসারণ করা হয়।
অন্যদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় একটি হোটেল ও বেকারিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর মুসলিম পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়। দিনব্যাপী এ অভিযানে মোট চারটি মামলা দায়ের করে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।