নিউজ ডেস্ক :: ২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, ফল ঘোষণা হবে ধাপে ধাপে
২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছেছে
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ২৯৯ আসনে ব্যালট পেপার পৌঁছে যাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে নয়, বরং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে ‘মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব একথা বলেন। নির্বাচন উপলক্ষে ১৯ দেশ থেকে ৫৪০ সাংবাদিক ও পর্যবেক্ষক আসছেন বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, ২৯৯ আসনের সব ব্যালট পেপার ও সব নির্বাচনী উপকরণ চলে গেছে। একটি আসনে (শেরপুর-৩) প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে ওই আসনের নির্বাচন হবে।
আখতার আহমেদ বলেন, ‘ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেটা সম্পন্ন হয়েছে। এই প্রস্তুতির পর এখন আমাদের মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। ইসি সচিব বলেন, আমরা আগামী ১২ তারিখ সকালে ভোট দিয়ে যুগ-যুগান্তরের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ, মসৃণ ছিল না, অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে।
সংবাদকর্মীদের সত্য তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়ে ইসি সচিব বলেন, ‘সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এ অর্থে বলছি না যে, আপনারা সত্যকে ধারণ করেন না; অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ।’
ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফল প্রথমে সহকারী রিটার্নিং অফিসারের কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং অফিসার ফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফল প্রকাশ করবে।
ইসি সচিব বলেন, এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের কারণে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। পোস্টাল ব্যালট গণনায় কাঠামোগত প্রক্রিয়া ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন থাকায় এসব কেন্দ্রের ফল আসতে তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না।
বিদেশি সংবাদকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে। সংবাদকর্মীদের যাতায়াত ও কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, লক্ষ্য একটাই-উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দেওয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য সচিব মাহবুবা ফারজানা, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।